গাজীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

গাজীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি : মহানগরের ধীরাশ্রম এলাকায় সালমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী মোস্তফা খান (৪৭)। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বুধবার (৯ জুলাই) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সালমা খাতুন পশ্চিম ধীরাশ্রম এলাকার করম আলীর মেয়ে। তার স্বামী মোস্তফা খান ঢাকার কেরানীগঞ্জের হাসেন খানের ছেলে। তিনি শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং নির্মাণকাজের ঠিকাদার হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে পারিবারিক কলহের জেরে সালমাকে দা দিয়ে মাথায় ও গলায় কুপিয়ে গুরুতর জখম করেন মোস্তফা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সে সময় ঘাতক স্বামী মোস্তফা খানকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

গাজীপুর সদর মেট্রো থানার উপ-পরিদর্শক (এসআই) নাদিমুল হক জানান, নিহতের মাথা ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘাতক স্বামী মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।