সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালে বাতিল হতে পারে মার্কিন ভিসা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে আপনি কী করছেন, তা গোপন রাখা হতে পারে মার্কিন ভিসা না পাওয়ার কারণ! এমনকি ভবিষ্যতে আর কখনও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার সুযোগও হারাতে পারেন আপনি।
বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকায় মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক সতর্কবার্তায় এই তথ্য জানায়।
বিশেষ করে এফ এম (F) ও জে (J) ক্যাটাগরির শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে ইচ্ছুক আবেদনকারীদের উদ্দেশে দূতাবাস জানায়— ডিএস-১৬০ (DS-160) ফর্ম পূরণের সময় গত ৫ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল (যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি) দিতে হবে।
ভিসা আবেদনপত্রে দেওয়া তথ্যের সবকিছুই সত্য ও নির্ভুল বলে আবেদনকারী স্বাক্ষর করেন। সেই তথ্যের মধ্যে সোশ্যাল মিডিয়ার তথ্যও বাধ্যতামূলক।
এছাড়া সতর্ক করে বলা হয়েছে, এই তথ্য গোপন করলে শুধু ভিসা বাতিল নয়, বরং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগও হারাতে পারেন।



