গাজীপুর কণ্ঠ ডেস্ক : আগামী জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট হতে শুরু করেছে। এর মধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দলটি এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো নির্বাচনী জোটে যাচ্ছে না। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ গণতান্ত্রিক আন্দোলনে শরিক অন্য দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আমরা অতীতে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে জামায়াতের সঙ্গে জোট করেছি। তবে এবার তাদের সঙ্গে জোট করার প্রয়োজনীয়তা দেখছি না।’
তবে এনসিপি ও সমমনা অন্যান্য দল নিয়ে আলোচনা চলবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এসব আলোচনা চলতেই থাকবে। কী হয়, তা সময়ই বলে দেবে।’
এ সময় নির্বাচন কমিশনের অধীনে চলমান জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনাকে সময়ক্ষেপণ বলে আখ্যা দেন সালাহউদ্দিন। বলেন, ‘আলোচনাটা অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ হয়ে যাচ্ছে। যুক্তিসংগত সময়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ হওয়া উচিত ছিল।’
তিনি জানান, অনেক রাজনৈতিক দল নানা দাবি তুলছে। কেউ বলছে, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) ছাড়া নির্বাচন হবে না, কেউ বলছে ন্যায়বিচার ছাড়া যাবে না। এসবের পেছনে রাজনৈতিক কৌশল থাকতে পারে বলে মনে করেন তিনি।
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ঘোর বিরোধিতা করে সালাহউদ্দিন বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতি কার্যকর নয়। এই পদ্ধতিতে ভোটাররা সরাসরি পরিচিত প্রার্থীকে ভোট দিতে পারবেন না। এতে গণতন্ত্র দুর্বল হবে এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।
তিনি বলেন, ‘এ দেশে এমপিরা সরাসরি উন্নয়ন কার্যক্রমে যুক্ত থাকেন। পিআর পদ্ধতিতে তেমনটা সম্ভব নয়। এতে ভোটারদের সঙ্গে জনপ্রতিনিধিদের সম্পর্ক দুর্বল হবে।’
তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, এ সরকারের কাঠামো অনেকটা পুনঃপ্রতিষ্ঠিত হলেও এখনো সুপ্রিম কোর্টের রিভিউ শুনানির রায় বাকি। তিনি আশা প্রকাশ করেন, আপিল বিভাগ রিভিউ আবেদনের পক্ষে রায় দিলে তত্ত্বাবধায়ক ব্যবস্থার ভিত্তি আরও মজবুত হবে।
আওয়ামী লীগকে একহাত নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ এখন রাজনৈতিক দল নয়। তারা আদর্শ ও চরিত্র হারিয়ে ফেলেছে। একদলীয় ফ্যাসিস্ট শক্তিতে পরিণত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা নতুন রাজনৈতিক দলগুলোকে সম্মান করি, কিন্তু রাজনীতিতে আসল মূল্যায়ন হয় জনসমর্থনের ভিত্তিতে। কিছু দল যতই বড় আওয়াজ করুক না কেন, তারা খুব অল্পসংখ্যক জনগণকে প্রতিনিধিত্ব করে।’
সংস্কার কমিশনের আলোচনায় বিএনপির প্রতিনিধি হিসেবে অংশ নেওয়া সালাহউদ্দিন আহমেদ জানান, পিআর পদ্ধতি বিএনপি কোনোভাবেই গ্রহণ করবে না।