শ্রীপুরে পিকআপের ধাক্কায় বাইক চালক ও আরোহীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড়ে এদুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলা সিমলাপাড়া গ্রামের মো. আহমদ আলীর ছেলে মোটরসাইকেল চালক হারুন অর রশিদ (৪০) এবং একই গ্রামের মো. বারেকের ছেলে জাকির হোসেন (৪৫)। তারা সিমলাপাড়া বাজারে ব্যবসা করতেন।
স্থানীয় বাসিন্দা মাসুদ রানা সংবাদ মাধ্যমকে বলেন, প্রতি সপ্তাহের সোমবার পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া হাট বসে। সেই হাটের যেতে সিমলাপাড়া বাজার থেকে হারুন ও জাকির মোটরসাইকেলে করে রওনা দেন।
পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক হারুন ও আরোহী জাকির গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নিলে চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে জাকিরকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাকির মারা যান।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক সংবাদ মাধ্যমকে বলেন, ঘটনার পরপর পিকআপ নিয়ে পালিয়ে যান চালক। পিকআপটি শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



