কালিয়াকৈরে ভ্যান ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

কালিয়াকৈরে ভ্যান ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরের বড়চালা এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা, মা ও ছেলেসহ অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বর ঘাট গ্রামের ছাবেদ আলী প্রামাণিকের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী নাসরিন নাহার (৩০) ও তাদের ১২ বছরের ছেলে মো. হুরাইরা, মাওনার কেউরা এলাকার প্রয়াত ওমর আলী ছেলে শফিকুল ইসলাম (৫৫) এবং অটোরিকশা চালক মেহেদী।

জাহিদুল ইসলাম স্ত্রী-সন্তান নিয়ে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব গ্রামে নোমান গ্রুপের নোমান হোম টেক্সটাইল মিলে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়ক দিয়ে একটি কভার্ড ভ্যান শ্রীপুর উপজেলার মাওনার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয় কভার্ড ভ্যানটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী জাহিদুল ও শফিকুল মারা যান। গুরুতর আহত হন আরও তিন যাত্রী। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে জাহিদুল ইসলামের স্ত্রী ও ছেলে এবং অটোরিকশা চালক মেহেদী মারা যান।

স্থানীয় বাসিন্দা মো. কামাল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, “কালিয়াকৈর-মাওনা সড়কটিতে অনেক আঁকাবাঁকা স্থান থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত কয়েক মাসে এই সড়কে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে।”

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই মোহাম্মদ সুরুজ উজ জামান সংবাদ মাধ্যমকে বলেন, “দুর্ঘটনার পর কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”