স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন মেসি

কাতালুনিয়া-ভিত্তিক ক্লাবটির পুরো মালিকানা কিনেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন মেসি

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক

স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরের দল ইউই কর্নেইয়ার পুরো মালিকানা কিনেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কাতালুনিয়া-ভিত্তিক ক্লাবটি বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে।

পিএসজি ও পরে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে দুই দশক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় ছিলেন মেসি। ক্লাবটির হয়ে তিনি ৭৭৮ ম্যাচ খেলে গোল করেন ৬৭২টি, দুটিই ক্লাব রেকর্ড। ১০টি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জেতেন তিনি এই ক্লাবের জার্সিতে।

এই অঞ্চলের স্থানীয় প্রতিভা বিকাশের কৌশলগত প্রচেষ্টার অংশ হিসেবে কর্নেইয়ার মালিকানা কিনলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

কাম্প নউয়ে নিজের শেষ মৌসুমে কোপা দেল রেতে কর্নেইয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল মেসির। কিন্তু আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা ক্যারিয়ারের প্রথম লাল কার্ড পাওয়ায় এবং সেজন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে ওই ম্যাচটি তিনি খেলতে পারেননি।

রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী মেসি আগেই অবশ্য একটি ক্লাবের মালিক হয়েছেন, দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেসের সঙ্গে অংশীদারিত্বে উরুগুয়ের চতুর্থ বিভাগে দেপোর্তিভো এলএসএম নামে একটি ক্লাব চালু করেছেন।

৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড নিজের নামে মেসি কাপও চালু করেছেন। অনূর্ধ্ব-১৬ পর্যায়ের টুর্নামেন্ট এটি। প্রতিভা বিকাশের লক্ষ্যে বিশ্বজুড়ে আটটি একাডেমি দল মায়ামিতে খেলে এই আসরে। গত ডিসেম্বরে মেসি কাপের প্রথম আসরের ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট।