‘অন অ্যারাইভাল’ ভিসায় সমঝোতা পাকিস্তান-বাংলাদেশের

‘অন অ্যারাইভাল’ ভিসায় সমঝোতা পাকিস্তান-বাংলাদেশের

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পাকিস্তান ও বাংলাদেশ ‘অন অ্যারাইভাল ভিসার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে। দুদেশের কূটনীতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য এই ভিসার ব্যাপারে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা জোরদার অঙ্গীকার হিসেবে এই চুক্তি হতে যাচ্ছে।

ঢাকায় সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভি বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ‘অন অ্যারাইভাল’ ভিসা চালু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের ভবন নির্মাণের প্রক্রিয়া চলমান। সেখানে আপাতত এমআরপি পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে। দূতাবাসের ভবন নির্মাণকাজ শেষ হলে সেখানে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু করা হবে।

বৈঠকে দুই দেশের মধ্যে মাদক ও সন্ত্রাস দমন, পুলিশ প্রশিক্ষণে দুই দেশের পুলিশ একাডেমির পারস্পরিক সহযোগিতা, রোহিঙ্গা ইস্যু, সাইবার অপরাধ দমন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান অভিন্ন ইতিহাস ও ঐতিহ্যের অংশীদার। দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দিন দিন শক্তিশালী হচ্ছে।’ এ সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সর্বাত্মক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।