
গাজীপুর কণ্ঠ ডেস্ক : নিবন্ধিত রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের যে নিয়ম দশ বছর আগে আওয়ামী লীগ সরকার চালু করেছিল, তা বাতিল করছে সরকার।
সেই লক্ষ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন আইন সংশোধনের প্রস্তাবে সম্মতি দিয়েছে উপদেষ্টা পরিষদ।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৃহস্পতিবার দুপুরে এক ফেইসবুক পোস্টে এ তথ্য জানান।
তিনি লিখেছেন, “স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত ৪ টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।”
বিগত আওয়ামী লীগ সরকার ২০১৫ সালে সিটি, পৌর, উপজেলা ও ইউপিতে দলীয় প্রতীকে ভোটের বিধান রেখে আইন সংশোধন করে। সেই আইন সংশোধন করে এবার নির্দলীয় প্রতীকে ভোটের উদ্যোগ নেওয়া হল।



