Uncategorized

জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে: নাহিদ ইসলাম

বিশেষ প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “৯০-এর গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো জনগণ ও ছাত্রসমাজের সঙ্গে প্রতারণা করেছে। ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি হলেও তা কেউ মানেনি। এবার আমরা প্রতারণার কোনো সুযোগ দেব না। জুলাই সনদ হতে হবে, এবং তার ভিত্তিতেই নির্বাচন হতে হবে। এই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। যে দলই সরকার গঠন করুক, তাকে এই সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকতে হবে।”

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি সড়কে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদদের স্মরণে জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা আগেই বলেছি, ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র জারি করতেই হবে। এর কোনো বিকল্প আমরা দেখতে চাই না। সরকার খসড়া প্রকাশ করেছে ঠিকই, কিন্তু শুধু ঐক্যবদ্ধ হলেই চলবে না—কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি, ৫ আগস্টের মধ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠন এবং সব রাজনৈতিক দলের সম্মতিতে জুলাই সনদ ও ঘোষণাপত্র প্রকাশ করা যাবে। আমরা চাই, প্রত্যাশিত গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি আমরা একসঙ্গে উদ্‌যাপন করতে পারি—বিজয় উদ্‌যাপন করতে পারি।”

পথসভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় আহ্বায়ক সংগঠক নাহিদা সারওয়ার নিভা, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আলি নাসের খান, মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ, কেন্দ্রীয় আহ্বায়ক সংগঠক এম এম সোহাইন এবং কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মুহিম প্রমুখ। সভায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button