গাজীপুর

কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা থেকে পড়ে দু’জনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় শাপলা বিলে নৌকাভ্রমণের সময় পানিতে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাঁচুয়া বাউনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন শ্রীপুর উপজেলার টেংরা গ্রামের নূর আলমের ছেলে মো. মাহিন (১৭)। অপরজন একই গ্রামের বাসিন্দামো. বাইজিদ (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচুয়া গ্রামের কয়েকটি বিলে প্রতি বছর বর্ষায় শাপলা ফুল ফোটে, যা দেখতে বহু দর্শনার্থী ভিড় করে। শুক্রবার সকালে শ্রীপুর থেকে পাঁচজনের একটি দল বিলভ্রমণে আসে এবং একটি ছোট নৌকায় ওঠে। একপর্যায়ে নৌকাটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং মাহিন ও বাইজিদ পানিতে পড়ে তলিয়ে যান।

সঙ্গে থাকা অন্যরা ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার প্রচেষ্টা চালান। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোসা. সামিয়া সংবাদ মাধ্যমকে বলেন, “একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।”

পাঁচুয়া গ্রামের বাসিন্দা আক্তার হোসেন সংবাদ মাধ্যমকে জানান, “চিৎকার শুনে আমরা বিলের দিকে ছুটে যাই। পরে স্থানীয় লোকজন মিলে তাঁদের পানি থেকে উদ্ধার করি, কিন্তু দুজনকেই বাঁচানো যায়নি।”

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল সংবাদ মাধ্যমকে বলেন, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button