গাজীপুর কণ্ঠ ডেস্ক : আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন- জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ বিষয়ে মন্তব্য করেন।
তিনি বলেন, আজকে প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র, আরেকটি জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আগামী দিনে নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টির জন্য প্রধান উপদেষ্টা যে পরামর্শ দিয়েছেন, অবশ্যই সেটা প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, ২০২৬ সালের প্রথমার্ধে ফেব্রুয়ারি মাসে রমজানের আগে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠাবেন। অবশ্যই নির্বাচন কমিশন (ইসি) যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। আজকে প্রধান উপদেষ্টা তার ভাষণের মধ্যে দিয়ে যে নির্দেশনা দিয়েছেন, ইসিকে চিঠি প্রদান করবেন, সেই ঘোষণার জন্য রাজনৈতিক দলের পাশাপাশি দেশবাসী অপেক্ষা করছিল।’
তিনি আরও বলেন, ‘এ ঘোষণার পর নির্বাচনের নিয়ে যাদের মধ্যে দোদুল্যমান ছিল, তাদের মধ্যে সেই দোদুল্যমান আর রইল না। সারা জাতি এখন একটা নির্বাচনমুখী পরিবেশের মধ্যে দিয়ে যাবে। নির্বাচনের আবহ সৃষ্টি হবে। আমরা আশা করি, আগামী নির্বাচনের সুষ্ঠু, নিরপেক্ষ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত একটি নির্বাচন হবে। সেই লক্ষ্য সমগ্র জাতিকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘প্রধান উপদেষ্টা তার দেওয়া কথা রেখেছেন। এ জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি।’
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযথ মর্যাদায় সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়াটা সমুচিন হয়েছে, এটা আমাদের প্রাণের দাবি ছিল। যারা আহত হয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে বিভিন্ন আইনি সুরক্ষা দেওয়া প্রতিশ্রুতি তিনি (প্রধান উপদেষ্টা) যেমন দিয়েছেন, আমরাও দিয়েছি, সারা জাতিও দিয়েছে।’
তিনি আরও বলেন, আমরা মনে করি, এই ঘোষণার মধ্যে দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে। ব্যবসা-বাণিজ্য বিনিয়োগে কোনো রকমে অনিশ্চিত পরিবেশ থাকবে না। সবকিছু সচল হবে, গতিশীলতা পাবে।’
বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য বিগত ১৬ বছরে যারা রক্তদান করেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহিদ-আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সালাহউদ্দিন আহমদ বলেন, আজকের এই দিনে আমাদের বিশাল অর্জন। আমরা দীর্ঘ এক বছর যাবত বাংলাদেশের মানুষের কল্যাণ, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য কমিশনের সঙ্গে আলাপ আলোচনা করেছি। সংস্কারের জন্য একটা জাতীয় ঐকমত্য উপনীত হয়েছি। আশা করি, দ্রুত ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হবে, সেটা বাস্তবতা প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করব। তার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে ঐকমত্য হয়েছি তা আমরা সমুন্নত রাখব। প্রতিবাদ বিরোধী শক্তিশালী করে জাতিকে এগিয়ে নিয়ে যাব। একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র, সমাজ ও সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করব।’
এর আগে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।’