রাজউকের প্লটের জন্য শেখ হাসিনাকে চাপ দেন টিউলিপ: দুদক

রাজউকের প্লটের জন্য শেখ হাসিনাকে চাপ দেন টিউলিপ: দুদক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজউকের ৩০ কাঠার একটি প্লট শেখ রেহানার পরিবারের জন্য বরাদ্দ দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ দিয়েছিলেন তার ভাগনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক—এমন দাবি করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

বুধবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ প্লট দুর্নীতির মামলায় সাক্ষ্য দিতে গিয়ে এ অভিযোগ করেন দুদকের তিন কর্মকর্তা। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ ২৩ জন আসামি রয়েছেন।

দুদকের উপ-সহকারী পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান আদালতকে জানান, টিউলিপ সিদ্দিকের প্রভাবে শেখ হাসিনা আইন ভেঙে শেখ রেহানার পরিবারকে প্লট বরাদ্দ দেন।

দুদকের আইনজীবী তরিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ‘রাজউকের বিধি অনুযায়ী ঢাকা বা নারায়ণগঞ্জে একবার প্লট পেলে দ্বিতীয়বার আবেদন করা যায় না। এখানে কোনো আবেদন ছাড়াই শেখ রেহানার পরিবার প্লট পেয়েছে।’

আরেক আইনজীবী মোহাম্মদ জহিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, শেখ রেহানা পূর্বাচলের কূটনৈতিক এলাকায় ১০ কাঠার একটি প্লট পেয়েছেন এবং তার দখলও নিয়েছেন। ‘এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক উভয়েই ক্ষমতার অপব্যবহার করেছেন,’ দাবি করেন তিনি।

দুদক কর্মকর্তাদের ভাষ্য, এসব অনিয়ম গণভবনের ছত্রছায়ায় ঘটেছে। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ হবে আগামী ২৮ আগস্ট।