হাসনাত-সারজিসদের শোকজ প্রত্যাহার

হাসনাত-সারজিসদের শোকজ প্রত্যাহার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফরের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ কেন্দ্রীয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। সেই নোটিশের জবাব দিয়েছেন তারা। ফলে তাদের শোকজ প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) এনসিপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

শোকজ প্রাপ্ত নেতারা হলেন— দলের মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৬ আগস্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর প্রতি পৃথক পাঁচটি কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়। এর প্রেক্ষিতে উল্লেখিত নেতারা দপ্তর মারফত আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর কারণ দর্শানো নোটিশের জবাব দেন।

এনসিপি জানায়, শোকজের জবাব বিশ্লেষণে উপরোক্ত ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যত্যয় না ঘটায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে উল্লেখিত শোকজ নোটিশগুলো প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।

গত ৫ আগস্ট এনসিপির পাঁচ নেতার কক্সবাজার সফর নিয়ে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের গোপন বৈঠকের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে তা অসত্য বলে প্রমাণ হয়।