গাজীপুর কণ্ঠ ডেস্ক : বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার স্ত্রী আফরোজা বেগমের বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে দুদক তাদের কাছে সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে।
রোববার (১৭ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, আহমেদ আকবর সোবহানের নামে দেশে প্রায় ৬৭ কোটি ৫০ লাখ টাকার স্থাবর সম্পদ এবং ১৮৪ কোটি টাকার অস্থাবর সম্পদ রয়েছে। সবমিলে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৫২ কোটি টাকা, যা অভিযোগ অনুযায়ী তার বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
তার স্ত্রী আফরোজা বেগমের সম্পদের পরিমাণ আরও বেশি। দেশে তার নামে রয়েছে ১১৭ কোটি টাকার স্থাবর ও ৩৩৫ কোটি টাকার অস্থাবর সম্পদ, মোট ৪৫৩ কোটি টাকার বেশি সম্পদ।
দুদক জানায়, স্বামী-স্ত্রী দুজনই বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এছাড়া সুইজারল্যান্ডের লুগানো শহর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও আইল অব ম্যান-এ বিভিন্ন কোম্পানির নামে ব্যাংক হিসাব খুলে অর্থ পাচারের তথ্যও দুদকের হাতে এসেছে।
এই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করেছে দুদক। এই দলে রয়েছেন- সংস্থাটির উপপরিচালক শেখ গোলাম মাওলা (দলনেতা), সহকারী পরিচালক সাজিদ উর রোমান ও মাহমুদুল হাসান ভূঁইয়া।
পাশাপাশি সিআইডি, কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারাও এতে অন্তর্ভুক্ত রয়েছেন। তদন্ত কার্যক্রম তদারকি করছেন দুদকের পরিচালক (মানি লন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম।