কালীগঞ্জের নতুন ইউএনও এ টি এম কামরুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন এ টি এম কামরুল ইসলাম।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এর আগে, গত ১৯ আগস্ট কালীগঞ্জের ইউএনও তনিমা আফ্রাদকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। তার স্থলাভিষিক্ত হচ্ছেন এ টি এম কামরুল ইসলাম।
গাজীপুর সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা হলেন কালীগঞ্জের ইউএনও তনিমা আফ্রাদ
জানা গেছে, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার শিবানী সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সিনিয়র সহকারী কমিশনার পদমর্যাদার কর্মকর্তা এ টি এম কামরুল ইসলামকে (১৮৪৪৭) কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। কর্মস্থলে যোগদানের জন্য আগামী ২৪ আগস্ট থেকে তাকে অবমুক্ত করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ টি এম কামরুল ইসলাম ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ১৯৭তম মেধাক্রম অনুযায়ী ২০১৮ সালের ২৯ নভেম্বর সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে নিয়োগ পান। একই বছরের ৩ সেপ্টেম্বর তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজারে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন।
পরবর্তীতে পদোন্নতি পেয়ে ২০২২ সালের ২২ জুন থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি সিনিয়র সহকারী কমিশনার পদে পদোন্নতি পেয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করে ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত সংস্থাপন শাখায় দায়িত্ব পালন করেছেন।
পরে ২০২৪ সালের ৩ নভেম্বর বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে যোগ দিয়ে উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ চলতি বছরের ৯ জুলাই তাকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়।
এ টি এম কামরুল ইসলাম কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।



