গাজীপুর সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা হলেন কালীগঞ্জের ইউএনও তনিমা আফ্রাদ

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা হিসেবে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৯ আগস্ট মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তনিমা আফ্রাদ চলতি ২০২৪ সালের ১০ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কালীগঞ্জে যোগদান করেছেন।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্মসচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারের সিনিয়র সহকারী পদমর্যাদার কর্মকর্তা তনিমা আফ্রাদকে (১৮০৯৪) প্রেষণে স্থানীয় সরকার বিভাগের অধীনে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। আগামী ২৬ আগস্টের মধ্যে তাঁকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৩ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাঁকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) নিয়োগ দেওয়া হয়েছিল। তবে নতুন আদেশে সেই পদায়ন বাতিল করা হয়েছে।
উল্লেখ্য: ২০২৪ সালের ২৭ অক্টোবর ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার এক প্রজ্ঞাপনে তনিমা আফ্রাদকে কালীগঞ্জের ইউএনও হিসেবে পদায়ন করা হয়।
বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা তনিমা আফ্রাদ ২০২৩ সালের ২৮ জুলাই থেকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়।
এর আগে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শেরপুর সদর উপজেলায় এবং সহকারী কমিশনার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।
২০১৭ সালের ২ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানকারী তনিমা আফ্রাদ প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের মেধাক্রমে ১৫৪তম স্থানে ছিলেন। তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার আকানগরের বাসিন্দা।



