কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হঠাৎ অভিযানে একাধিক অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ মিলেছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে দুদকের সমন্বিত গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি দল এ অভিযান চালায়।

দুদক সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সটির বিরুদ্ধে আগে থেকেই বেশ কিছু অভিযোগ ছিল। তদন্তে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত সময়ে কর্মস্থলে আসেন না। সরকার নির্ধারিত তিন টাকার টিকিটের বদলে রোগীদের কাছ থেকে পাঁচ টাকা নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে আল্ট্রাসোনোগ্রাম ও এক্স-রে মেশিন অকেজো অবস্থায় থাকায় রোগীদের বাইরে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে।

অভিযানে আরও ধরা পড়ে, রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের মান ও পরিমাণ নিম্নমানের। হাসপাতালের রান্নাঘরসহ সার্বিক পরিবেশ ছিল অস্বাস্থ্যকর। স্টোরে সংরক্ষিত মালামালের হিসাবেও গড়মিল পাওয়া গেছে, যা বড় ধরনের দুর্নীতির ইঙ্গিত দেয়।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক এনামুল হক সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিজেও অনিয়মের দায় স্বীকার করেছেন। জনগণের অর্থ ও সরকারি সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজোওয়ানা রশিদ বলেন, আমি প্রতিটি দপ্তরের দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাগ করে দিয়েছিলাম। কিন্তু তারা দায়িত্ব ঠিকভাবে পালন করেননি। ফলে আজ পুরো দায়ভার আমাকে নিতে হচ্ছে।