গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মহানগরের দক্ষিণখান এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাকের সংঘর্ষে ট্রাকের মালিক ও চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫০) এবং মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, মধ্যরাতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা যাচ্ছিল। ট্রেনটি গাজীপুরের দক্ষিণখান এলাকায় পৌঁছালে একটি ড্রাম ট্রাক রেলক্রসিং পার হচ্ছিল। ঠিক সে সময় ট্রেনের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক উজ্জ্বল হোসেন নিহত হন। গুরুতর আহত মালিক বাবুল খানকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের পর ট্রেনটি গন্তব্যের দিকে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।