
গাজীপুর কণ্ঠ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল প্রার্থীর জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে জাকসু নির্বাচন কমিশন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।
তিনি জানান, “দুই দিন আগে আমরা প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা করেছি। সেখানে সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকে ডোপ টেস্টের দাবি উঠে আসে। শিক্ষার্থীদের মতামত গুরুত্ব দিয়ে আমরা কমিশনে আলোচনা করি এবং সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত নেই।”
তিনি আরও বলেন, নির্বাচনের আগে যোগ্য প্রার্থীদের ডোপ টেস্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট নির্বাচন কমিশন প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে। সেখানে সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য পরিবেশে জাকসু নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রায় ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত জাকসু নির্বাচন। শিক্ষার্থীরা এই নির্বাচনকে ঘিরে দারুণ উৎসাহ-উদ্দীপনার মধ্যে রয়েছেন।



