
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা সংবাদ মাধ্যমকে জানান, মোজাফফর হোসেনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম।
ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার সকালে। ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্টে লেখা হয়— “মেধাবীদের জন্য শুভকামনা রইল। ২১, ১৭, ০৮।” পোস্টটি দেখে অনেকেই বুঝতে পারেন, এটি ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের প্রতীক নম্বর উল্লেখ করে তাদের সমর্থনের বার্তা।
সরকারি কর্মকর্তার প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান জানানোয় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা আইনত নিষিদ্ধ হলেও একজন ওসির এ ধরনের পোস্ট দায়িত্বশীলতার প্রশ্ন তোলে।
যদিও কয়েক ঘণ্টার মধ্যে পোস্টটি মুছে ফেলা হয়, তবুও বিতর্ক থামেনি। বরং বিষয়টি নিয়ে আরও আলোচনার সৃষ্টি হয়। সামাজিক চাপের মুখে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় এবং তাকে প্রত্যাহার করে।
এ বিষয়ে ওসি মোজাফফর হোসেন দাবি করেন, তার ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করে ওই রাজনৈতিক পোস্ট দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমার আইডিতে শকুনের চোখ পড়েছে, আমাকে হেয় করার চেষ্টা চলছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং সাধারণ ডায়েরিও করেছি।”



