সারাদেশ

আগামী তিন দিন ঢাকাসহ ৬ বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা ও দেশের ছয় বিভাগে আগামী তিন দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হয়েছে। আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনাও রয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদফতরের এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তাকে কেন্দ্র করে আগামী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার পর্যন্ত) বৃষ্টি হতে পারে।

বিশেষত, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে অতি ভারী বর্ষণের কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে। একই সঙ্গে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির কারণে অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।

অপর একটি আবহাওয়ার বার্তায় আবহাওয়া বিশেষজ্ঞ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সংবাদ মাধ্যমকে জানান, রংপুর, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটসহ ১৪ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এই ঝড়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ অবস্থায় এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস সতর্ক করেছে, এই সময় চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নদী-নালা ও পাহাড়ি এলাকায় থাকা মানুষদের ঝুঁকি বিবেচনা করে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button