পূবাইলে নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের ছিকলিয়া এলাকায় বালু নদী থেকে মানিক রোজারিও (৪৫) নামের এক নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পূবাইল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, নিহত মানিক রোজারিও কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বাগদী এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আগষ্টিন রোজারিও ওরফে গেদু।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বন্ধুদের সঙ্গে নৌকাভ্রমণে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন মানিক রোজারিও। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার (১৪ সেপ্টেম্বর) তার স্ত্রী লিমা রোজারিও কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
সোমবার দুপুরে ছিকলিয়া শ্মশানঘাট সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সত্যতা নিশ্চিত করে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেছে।
তিনি আরও বলেন, “ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



