সুদানে মসজিদে ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত ৭৫

সুদানে মসজিদে ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত ৭৫

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : সুদানের পশ্চিমাঞ্চলীয় এল-ফাশের শহরে একটি মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় কমপক্ষে ৭৫ জন নিহত হয়েছেন। হামলার জন্য দায়ী করা হচ্ছে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ সেপ্টেম্বর), যখন দারফুর অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় আরএসএফ তাদের হামলা জোরদার করেছে।

স্থানীয় মানবিক সংগঠন ‘ইমার্জেন্সি রেসপন্স গ্রুপ’ জানিয়েছে, রাজধানী দারফুরের উত্তরে অবস্থিত বাস্তুচ্যুতদের আবু সোউক ক্যাম্পে অবস্থিত মসজিদটিতে এই হামলা চালানো হয়। সংগঠনটি জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা মরদেহগুলোর সংখ্যা দিন বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়তে পারে।

এ হামলা নিয়ে এখনো আরএসএফ কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

উল্লেখ্য, এল-ফাশের শহরটি গত দেড় বছর ধরে আরএসএফ অবরোধের মধ্যে রয়েছে। এটি দারফুরে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা শেষ বড় শহর। শহরটি পতন হলে পুরো অঞ্চলটি আরএসএফ-এর নিয়ন্ত্রণে চলে যাবে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী এবং আরএসএফ-এর মধ্যে শুরু হওয়া সংঘর্ষ ধীরে ধীরে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে রূপ নেয়। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে, চলমান এই সহিংসতায় ইতোমধ্যে গণহত্যাসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাব সম্প্রতি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে—আরএসএফ বাহিনী এল-ফাশের শহরকে ঘিরে ফেলেছে। তাদের অগ্রযাত্রার পথে রয়েছে আবু সোউক ক্যাম্প এবং জাতিসংঘের সাবেক শান্তিরক্ষী ঘাঁটি ‘ইউনিমিড’, যা বর্তমানে আরএসএফ বিরোধী যৌথ বাহিনীর একটি ঘাঁটিতে পরিণত হয়েছে।

সুদানে চলমান গৃহযুদ্ধে প্রতিদিনই বহু বেসামরিক মানুষের প্রাণ হারাচ্ছেন। লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন এবং খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর চরম সংকটে পড়েছেন।