কালীগঞ্জে মাদক ব্যবসায়ী যুবক গ্রেপ্তার

কালীগঞ্জে মাদক ব্যবসায়ী যুবক গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সময় তার এক সহযোগী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২৫ পিস ইয়াবা এবং একটি আর-১৫ মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আজমতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।

গ্রেপ্তার যুবক আজমতপুর পূর্বপাড়া এলাকার মোশাররফ খানের ছেলে মাদক ব্যবসায়ী সজিব খাঁন (২০)। পালিয়েছে যাওয়া তার সহযোগী একই এলাকার বাছিরের ছেলে নাজমুল (৪০)।

পুলিশ জানায়, বুধবার দুপুরে মাদক কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। সে সময় হাতেনাতে গ্রেপ্তার হয় সজিব খান। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী নাজমুল পালিয়ে যায়। পরে সজিবের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত কালো রংয়ের একটি পুরাতন আর-১৫ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানার এসআই মো. রিগ্যান মোল্লা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, গ্রেপ্তার সজিব খাঁনকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামি নাজমুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।