অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস: জয়সওয়াল

অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস: জয়সওয়াল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : চট্টগ্রামের পাহাড়ি জেলা খাগড়াছড়িতে সাম্প্রতিক অস্থিরতা ঘিরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। ঢাকা থেকে দেওয়া অভিযোগে বলা হয়েছিল— এই অশান্তির পেছনে ভারত কিংবা ফ্যাসিস্টদের ইন্ধন রয়েছে। তবে ভারত একে ভিত্তিহীন দাবি করে উল্টো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছে।

শুক্রবার (৩ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটি অভ্যাস। তারা নিজেদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা তাদের স্বভাবসুলভ।”— খবর দ্য ট্রিবিউন।

তিনি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলমের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে বলেন, “আমরা এ ধরনের অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা ও শাসন বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তাদের উচিত আত্মসমালোচনা করা এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের ঘটনাগুলো সুষ্ঠুভাবে তদন্ত করা।”

এর আগে গত ২৯ সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের প্রশ্নে খাগড়াছড়িতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পেছনে ভারতের ইন্ধন থাকার অভিযোগ করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রসঙ্গত, খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ২৩ সেপ্টেম্বর থেকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে ‘জুম্ম ছাত্র–জনতা’। অবরোধ চলাকালে ২৯ সেপ্টেম্বর গুইমারা উপজেলায় সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় সেনাবাহিনীর এক মেজরসহ ১৩ সেনা সদস্য, গুইমারা থানার ওসিসহ তিন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হন।