গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে পৃথক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন জনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও দুজন।
শনিবার (০৪ অক্টোবর) রাতে রাজেন্দ্রপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এবং গবেষণা ইনস্টিটিউট এলাকায় শিববাড়ী-চান্দনা চৌরাস্তা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) মেট্রো সদর থানার ওসি মেহেদী হাসান জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
তিনি আরো বলেন, রাত ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন জন গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা এক যুবক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি মেহেদী হাসান।