বাংলাদেশের শিশুদের মধ্যে টাইফয়েড জ্বরে আক্রান্তের হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি

বিশেষ প্রতিনিধি : বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে টাইফয়েড জ্বরে আক্রান্তের হার সবচেয়ে বেশি। এক সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, ২০২১ সালে দেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়েছেন এবং ৮ হাজার জন মৃত্যুবরণ করেছেন। আক্রান্তদের মধ্যে ৬৮ শতাংশ শিশু।
দেশে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুরাই এই রোগে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, এই বয়সে এক ডোজ টিকা প্রদান করলে রোগ প্রতিরোধে উল্লেখযোগ্য প্রভাব পড়ে। তাই চলতি ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুদের টিকাদান করা হবে।
রোববার (০৫ অক্টোবর) গাজীপুরের সিভিল সার্জন অফিসে টাইফয়েড টিকা প্রদান সংক্রান্ত সংবাদিক ওয়ার্কশপে এই তথ্য তুলে ধরা হয়। জেলা তথ্য অফিসার শামীমা নাসরিনের সভাপতিত্বে ও সহকারি তথ্য অফিসার নাঈমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিভিল সার্জন মো. মামুনুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের (প্রশাসন) উপ-পরিচালক তারিক মোহাম্মদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) ইয়াসমিন সাইকা পাশা এবং গাজীপুর ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মাহবুবুল আলম।
উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর থেকে দেশের বিভিন্ন এলাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হচ্ছে। গাজীপুরে প্রায় দেড় লক্ষাধিক শিশুকে টিকা প্রদানের লক্ষ্য রাখা হয়েছে।



