গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে আনুষ্ঠানিকভাবে চোলাই মদ প্রস্তুত ও বিক্রি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করল শতাধিক নারী-পুরুষ।
রোববার দুপুরে তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এই অঙ্গীকার করেন মদ প্রস্তুত ও বিক্রয়কারীরা।
অনুষ্ঠানে জিএমপি’র কমিশনার মো. আনোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার মনজুর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মুঞ্জুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মনজুর রহমান জানান, গত ২ জুলাই গাজীপুর সিটি করপোরেশনের বনগ্রাম এলাকায় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় (চোলাই) মদ তৈরির কারখানা ও সরঞ্জাম ধ্বংস করে। এর ফলশ্রুতিতে স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দেশীয় মদ প্রস্তুত ও বিক্রয়কারী শতাধিক নারী-পুরুষ আত্মসমর্পণ করে। এ সময় তারা মদ তৈরিসহ সকল প্রকার মাদক ব্যবসা থেকে বিরত থেকে স্বাভাবিক জীবনযাপন করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আত্মসমর্পণকারীদের অধিকাংশই নারী।
ওয়ার্ড কাউন্সিলর মুঞ্জুরুল ইসলাম জানান, বনগ্রামে দীর্ঘদিন চোলাই মদ তৈরি এবং বিক্রি হয়ে আসছিল। পুলিশ অভিযান চালানোর পর বনগ্রাম ও কুমারখাদা এলাকার শতাধিক নারী-পুরুষ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে আসার আগ্রহ প্রকাশ করে। তারা আজ পুলিশের কাছে আত্মসর্মণ করে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার করে।
তিনি আরো জানান, এ সময় পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনসহ পুলিশ কর্মকর্তারা তাদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।