শ্রীপুরে শো-ডাউন করে প্রবাসী বিএনপি নেতার প্রার্থিতা ঘোষণা

বিশেষ প্রতিনিধি : শ্রীপুরে বিশাল শো-ডাউনের মাধ্যমে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম শাব্বির আলী (পারভেজ)।
সোমবার (৬ অক্টোবর) তিনি গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে বিপুল গাড়িবহর নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
অ্যাডভোকেট গোলাম শাব্বির আলী যুক্তরাজ্যের বৃহত্তর ঢাকা আইনজীবী ফোরামের সভাপতি। তার গ্রামের বাড়ি গাজীপুর-৩ আসনের ধলাদিয়া গ্রামে। ছাত্রজীবনে তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রদল নেতা ছিলেন।

সোমবার সকাল ১০টার দিকে রাজেন্দ্রপুর বাজার থেকে গাড়িবহরসহ প্রচারণা শুরু করেন তিনি। কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। প্রচারণার এক পর্যায়ে মাওনা চৌরাস্তা এলাকায় তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।
তিনি বলেন, “আমি গাজীপুর-৩ আসন থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করছি। আমার বিশ্বাস দলের হাইকমান্ড আমাকে মনোনয়ন দেবেন। এই আসনের জনগণ আমাকে ভালোবাসেন এবং আমার পূর্ববর্তী কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট। নির্বাচিত হলে সাধারণ মানুষের কল্যাণে কাজ করব।”
তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমি গণসংযোগে নেমেছি। দলের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়াই আজকের কর্মসূচির মূল লক্ষ্য। চাঁদাবাজি রোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং কর্মসংস্থান সৃষ্টি আমার অঙ্গীকার।”
দিনভর তিনি রাজাবাড়ী বাজার, শ্রীপুর বাজার, টেংরা, জৈনাবাজার, বরমী ও কাওরাইদসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।



