কালীগঞ্জে বাল্যবিয়ের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

কালীগঞ্জে বাল্যবিয়ের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ১৫ বছর বয়সী এক কিশোরীকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে ‘বিবাহের ঘোষণাপত্র’ তৈরি করে বাল্যবিয়ের দায়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

দণ্ডপ্রাপ্ত যুবক কামরুল হাসান কনক (২৪)। তিনি তুমুলিয়া ইউনিয়নের ইছাপুরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর কামরুল হাসান কনক নরসিংদীর পলাশ উপজেলার নোয়াকান্দা এলাকার ১৫ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করতে ‘বিবাহের ঘোষণাপত্র’ তৈরি করে তা নরসিংদীর আইনজীবী সাইফুল ইসলামকে দিয়ে নোটারি করে বিবাহ সম্পন্ন করেন। সে সময় কিশোরীর জন্ম সনদে উল্লেখিত জন্ম তারিখ ১ জানুয়ারি ২০১০ সালের পরিবর্তে ১ জানুয়ারি ২০০৬ সাল দেখিয়ে তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে উপস্থাপন করা হয়।এরপর কনক ওই কিশোরীকে নিজ বাড়িতে নিয়ে এসে একসঙ্গে বসবাস শুরু করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। পরে নথিপত্র পর্যালোচনা ও স্বীকারোক্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’-এর ৭(১) ধারায় কামরুল হাসান কনককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও গাজীপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শাহানাজ আক্তার।