কাপাসিয়ায় মোবাইল কোর্ট পরিচালনার সময় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

বিশেষ প্রতিনিধি : কাপাসিয়ায় মোবাইল কোর্ট পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা।
সোমবার (১৩ অক্টোবর) রাত ৭টার দিকে উপজেলার বারিষাব ইউনিয়নের নয়ানগর গ্রামে আমরাইদ–গিয়ায়পুর সড়কের পাশে অবস্থিত মেসার্স জমজম ট্রেডার্স মিনি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রব বলেন, “মোবাইল কোর্ট চলাকালে উত্তেজিত জনতা ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। ঘটনাস্থল থেকে ফারক মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।”
পদ্মা অয়েল কোম্পানির ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমল সরকার, পদ্মা অয়েলের প্রতিনিধি এবং কাপাসিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন। অভিযানে পাম্প থেকে প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করা হয় এবং মালিককে কাগজপত্র ঠিক করে ১০ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও বলেন, “অভিযান চলাকালে স্থানীয় কিছু ব্যক্তি ‘ভুয়া ম্যাজিস্ট্রেট’ ও ‘ভুয়া পুলিশ’ বলে স্লোগান দিতে শুরু করে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে ম্যাজিস্ট্রেটের ব্যবহৃত হায়েস গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির সামনের ও পাশের কাচ ভেঙে যায়।”
সংবাদ পেয়ে কাপাসিয়া থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাম্পের মালিক মো. মোতাহার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ওসি আব্দুর রব জানান, বিপিসির একজন কর্মকর্তা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। আটক ফারক মিয়াকে ওই মামলায় গ্রেফতার দেখানো হবে।



