গাজীপুর

কাপাসিয়ায় পরিবেশ দূষণ : ‘ডায়মন্ড’ কারখানা অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি : কাপাসিয়ার কেন্দুয়াব গ্রামে অবস্থিত ডায়মন্ড অর্গানিক ফার্টিলাইজার লিমিটেডকে পরিবেশ দূষণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তামান্না তাসনীম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিধি-বহির্ভূতভাবে পরিচালিত হয়ে আসছে। মুরগির বিষ্ঠা ও বর্জ্য যথাযথভাবে নিষ্পত্তির ব্যবস্থা না থাকায় আশপাশের পরিবেশ ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মঙ্গলবার বিকেলে তার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও কলকারখানা অধিদপ্তরের যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

ডা. তামান্না তাসনীম বলেন, “ফার্মে উৎপাদিত বর্জ্য থেকে জৈব সার তৈরির পর বিপুল পরিমাণ অবশিষ্ট বর্জ্য খোলা স্থানে ফেলে দেওয়া হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী এই বর্জ্য দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও জানান, পরিবেশ অধিদপ্তরের ১৯৯৫ সালের বিধিমালা ও ২০১০ সালের সংশোধিত ধারা ৬(গ) লঙ্ঘন এবং দণ্ড ১৫(১) অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আরও জানা যায়, ফার্মটিতে অপ্রাপ্তবয়স্ক শ্রমিকদের কাজে নিয়োজিত রাখা হয়েছে। এ বিষয়ে কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর রাকিবুল হাসান এবং কলকারখানা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মো. রবিউল ইসলাম বাঁধন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button