নিজস্ব সংবাদদাতা : ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবীন হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তার সাবেক মেয়র এস এম রবীন হোসেন (৫৪) গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনসুরপুর গ্রামের মৃত বারেকের ছেলে।
গ্রেপ্তার অন্যদের মধ্যে আছেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ইসাহাক সিকদার (৬৩), ছাত্রলীগের কর্মী মো. ইসতিয়াক মিলন (২৩), শ্যামপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম আহমেদ রিপন (৪৮) এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ ওরফে রিমু (৫০)।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ মাধ্যমকে জানায়, বুধবার ভোরে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার জি-ব্লক থেকে এস এম রবীন হোসেনকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় অভিযান চালিয়ে ইসতিয়াক মিলনকে, কচুয়া থেকে ইসাহাক সিকদারকে, নিকুঞ্জ–২ এলাকা থেকে ইব্রাহিম আহমেদ রিপনকে এবং পৃথক অভিযানে রায়হান রহমতুল্লাহ ওরফে রিমুকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৩০ আগস্ট দিবাগত রাতে বসুন্ধরা আবাসিক এলাকার ম্যাগপাই রেস্টুরেন্ট থেকে স্থানীয়রা রবীন হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরদিন ৩১ আগস্ট তাকে গাজীপুরের কালীগঞ্জ থানার একটি হত্যা মামলায় আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠান। পরে তাঁর আইনজীবী গত ১২ সেপ্টেম্বর গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে জামিনের জন্য আবেদন করেন। ২৩ সেপ্টেম্বর শুনানি শেষে গাজীপুর জেলা ও দায়রা জজ মমতাজ বেগম জামিন মঞ্জুর করলে কারা কর্তৃপক্ষ নথিপত্র যাচাই-বাছাই শেষে ওইদিন বিকাল ৫ টায় তিনি গাজীপুর জেলা কারাগার থেকে কারামুক্ত হন।
আরো জানতে….
২৩ দিন পর কারামুক্ত হলেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রবীন হোসেন
কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রবীন হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ