গাজীপুর

গাজীপুরে অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের নাওজোড় এলাকা থেকে দেশি অস্ত্র ও গাঁজাসহ বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজাকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়।

বুধবার রাতে গাজীপুর সেনা ক্যাম্পের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ (৫৪) ও তাঁর ছেলে মো. মুশফিক (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে নাওজোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই তসলিম সিরাজ ও তাঁর ছেলে মুশফিককে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাঁসুয়া, ৫টি রামদা, ১টি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও কিছু গাঁজা উদ্ধার করা হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান সংবাদ মাধ্যমকে বলেন, যৌথ বাহিনীর অভিযানে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button