কালীগঞ্জে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘এগার সিন্ধুর’ ট্রেনের শতশত যাত্রী
নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে অল্পের জন্য বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে কিশোরগঞ্জগামী এগার সিন্ধুর গোধূলি (৭৪৯) এক্সপ্রেস ট্রেনের শতশত যাত্রী। ট্রেনের হোস পাইপ খুলে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে ট্রেনটি যখন আড়িখোলা রেলস্টেশন অতিক্রম করছিল।
রেলওয়ে সূত্রে জানা যায়, টঙ্গী–ভৈরব রেললাইন দিয়ে ট্রেনটি কালীগঞ্জের আড়িখোলা স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর যান্ত্রিক ত্রুটির কারণে গতি কমে যায় এবং একপর্যায়ে টেকপাড়া এলাকায় গিয়ে একেবারে থেমে যায়। পরে ট্রেনের পরিচালক, লোকোমোটিভ মাস্টার (চালক) এবং যাত্রীরা দেখতে পান ‘ক’ বগির হোস পাইপ খুলে গেছে, যার মাধ্যমে ট্রেনের কমপ্রেসড এয়ার প্রবাহিত হয় এবং এর মাধ্যমে পুরো ট্রেনের ব্রেক সিস্টেমকে সচল রাখে। এই পাইপ খুলে যাওয়ায় ট্রেনের নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করা বন্ধ হয়ে যায়। ঘটনার সময় ভৈরবগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকাগামী লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটি পেছনের দিকে চালিয়ে আড়িখোলা স্টেশনে নিয়ে যান। এতে প্রায় দেড় ঘন্টা ওই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকে। পরে ক্ষতিগ্রস্ত ‘ক’ বগিটি আড়িখোলা স্টেশনে রেখে বাকি বগিগুলো নিয়ে রাত ১০টা ১৮ মিনিটে ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেয়। এরপর টঙ্গী–ভৈরব রেললাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজিমুদ্দিন বলেন, “এটি একটি যান্ত্রিক ত্রুটি ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”



