গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মহানগরীর শিমুলতলী চতর এলাকায় দুর্বৃত্তদের হামলায় ২৬ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মফিজুল ইসলাম (২৬)। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শাহাডুবি এলাকার বাসিন্দা। মফিজুল শিমুলতলী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে চতর এলাকায় বাংলাদেশ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) গেটের পাশে রাস্তার ধারে মফিজুলকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা রাস্তার ধারে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে দিবাগত রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।
হত্যার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হাসান ফারুক জানান, “নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।”



