গাজীপুরের ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

গাজীপুরের ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ছয়টি সংসদীয় আসন। এর মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি দুই আসনে কোন প্রার্থী ঘোষণা করা হয়নি

সোমবার (০৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণা অনুযায়ী, গাজীপুর -২ আসনে (সিটি করপোরেশনের ওয়ার্ড নং ১ থেকে ৬ এবং ১৩ থেকে ৩১) এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন) প্রার্থী ঘোষণা করা হয়েছে সাবেক মন্ত্রী ও মেয়র প্রয়াত অধ্যাপক এম এ মান্নানের ছেলে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনে (শ্রীপুর উপজেলা, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন এবং গাজীপুর সেনানিবাস এলাকা) বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনে (কাপাসিয়া উপজেলা) বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত আসম হান্নান শাহের ছেলে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান এবং গাজীপুর-৫ আসনে (কালীগঞ্জ উপজেলা এবং সিটি করপোরেশনের ওয়ার্ড নং ৪০, ৪১ এবং ৪২) গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি ফজলুল হক মিলন।

এছাড়া গাজীপুর-১ আসন (কালিয়াকৈর এবং সিটি করপোরেশনের ওয়ার্ড নং ৭ থেকে ১২ পর্যন্ত) এবং গাজীপুর-৬ আসনে (সিটি করপোরেশনের ৩২ থেকে ৩৯ এবং ৪৩ থেকে ৫৭ নং ওয়ার্ড) কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।