নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : জোহরান মামদানি, ৩৪ বছর বয়সী এই গণতান্ত্রিক সমাজতন্ত্রী যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি শহরটির ইতিহাসে নির্বাচিত হওয়া প্রথম মুসলিম মেয়র।
মঙ্গলবারের (০৪ নভেম্বর) নির্বাচনে এই জয়ের মধ্য দিয়ে তিনি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের স্বল্প পরিচিত আইনপ্রণেতা থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সামনের সারির অন্যতম দৃশ্যমান ডেমোক্র্যাট নেতা হয়ে উঠলেন।
রয়টার্স জানিয়েছে, মামদানি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক ডেমোক্র্যাটিক দলীয় গভর্নর অ্যান্ড্রু কুওমো (৬৭) –কে পরাজিত করেছেন। ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন দৌঁড়ে মামদানির কাছে হারার পর কুওমো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
মামদানি হচ্ছেন প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম মেয়র। শুধু তাই নয় এক শতাব্দীর মধ্যে মামদানি হচ্ছেন সবচেয়ে কনিষ্ঠ মেয়র।
উল্লেখ্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত (বাংলাদেশ সময় আজ বুধবার ভোর ৫টা) আনুমানিক ১৭ লাখ মানুষ ভোট দিয়েছেন বলে জানিয়েছে শহরের নির্বাচন বোর্ড। গত ৩০ বছরের মধ্যে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি।
১৯৯৩ সালের নির্বাচনে প্রায় ১৯ লাখ ভোটার ভোট দিয়েছিলেন। সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী রুডি জুলিয়ানি ডেমোক্র্যাট প্রার্থী ডেভিড ডিনকিনসকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন।
এবারের নির্বাচনে প্রায় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউইয়র্ক শহরে এটিই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা।
শহরের অ্যাস্টোরিয়া এলাকায় একটি কেন্দ্রে ভোট দেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানোর অঙ্গীকার করেছেন তিনি। তরুণসহ সব বয়সী ভোটারের মধ্যে বেশ সাড়াও পেয়েছেন। তার প্রতিফলন দেখা গেছে ভোটকেন্দ্রে।



