ময়মনসিংহে বাসে আগুন, একজনের মৃত্যু

ময়মনসিংহে বাসে আগুন, একজনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে থাকা জুলহাস নামে একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন এক নারী।

সোমবার (১০ নভেম্বর) রাত তিনটার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারে পেট্রলপাম্পের সামনে আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রাত ২টা ৪৫ মিনিটে তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পের সামনে আসলে সব যাত্রীরা নেমে যায়। তবে রাত বেশি হওয়ার কারণে ভোরে নামবে এমন চিন্তা করে একজন নারী ও তার ছেলে বাসের ভেতরেই থেকে যান। বাসের ভেতরে ছিল বাসের চালক অথবা হেলপার জুলহাস। এ সময় তিনজন দুর্বৃত্ত এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে তাৎক্ষণিক চলে যায়। এতে বাসটিতে আগুন দাউদাউ করে জ্বলতে থাকা অবস্থায় ভেতরে থাকা ছেলেটি বের হতে পারলেও তার মা অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। এ সময় ভেতরে থাকা জুলহাস অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, নারী ও তার ছেলে ফুলবাড়িয়ার বাসিন্দা। আহত নারীকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মরদেহ থানায় রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের করতে চেষ্টা চলছে।