তুরস্কে কার্গো বিমান বিধ্বস্ত, ২০ সেনা নিহত

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : জর্জিয়া-আজারবাইজান সীমান্তে তুরস্কের একটি সি-১৩০ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ২০ সেনা সদস্যের সবাই নিহত হয়েছেন। ইউরো নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদন মতে, মঙ্গলবার (১১ নভেম্বর) আজারবাইজান থেকে তুরস্ক ফেরার পথে বিমানটি বিধ্বস্ত হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সি-১৩০ বিমানটি আজারবাইজান থেকে উড্ডয়ন করে তুরস্কে ফেরার পথে বিধ্বস্ত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, আজারবাইজানি ও জর্জিয়ান কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি খাড়াভাবে নীচে নেমে আসছে এবং সাদা ধোঁয়ার চিহ্ন রেখে যাচ্ছে।
জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি আজারবাইজান সীমান্তের কাছে সিঘনাঘি পৌরসভায় বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে। চার ইঞ্জিনের কৌশলগত বিমান সি-১৩০ই হারকিউলিস তুরস্কের সশস্ত্র বাহিনীর কর্মী পরিবহন এবং লজিস্টিক অপারেশন পরিচালনার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়।



