
নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে ‘গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে’ এবার বোতল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর পাঁচ মাস আগেও একই রিসোর্টে অনুরূপ হামলার ঘটনা ঘটে।
বুধবার (১২ নভেম্বর) ভোররাতে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকায় অবস্থিত রিসোর্টটিতে ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে রিসোর্টের সীমানা প্রাচীরের ভেতরে দুটি পেট্রোল বোমা সদৃশ বস্তু দেখতে পান নিরাপত্তাকর্মীরা। তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বোমা সদৃশ দুটি কাঁচের বোতল উদ্ধার করে।
কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, নিসর্গ রিসোর্ট থেকে দুটি কাঁচের বোতল উদ্ধার করা হয়েছে। এর ভেতরে কেরোসিনজাত তরল পদার্থ ছিল। দুর্বৃত্তরা সেগুলো রিসোর্টে নিক্ষেপ করলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরো জানিয়েছে, পূর্বের মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে এবং সাম্প্রতিক ঘটনাটিও তদন্তের আওতায় আনা হয়েছে।
পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাইরে থেকে বোমাগুলো নিক্ষেপ করে পালিয়ে যায়।
উল্লেখ্য, এর আগে গত ২৬ মে মধ্যরাতে একই রিসোর্টের ভেতরে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন ধরে গেলে কর্তব্যরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে সক্ষম হন।
সেই সময় ঘটনাস্থল থেকে সুতলি দিয়ে বাঁধা তরল পদার্থভর্তি কাঁচের বোতল, ভাঙা কাঁচ ও একটি প্লাস্টিকের জেরিক্যান উদ্ধার করা হয়। পরে রিসোর্টের ডিউটি অফিসার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল ওয়াদুদ বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন (মামলা নং ২০(৫)২৫)।
‘গ্রামীণ টেলিকম ট্রাস্ট’-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
কালীগঞ্জে ‘গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে’ পেট্রোল বোমা নিক্ষেপ



