আইন-আদালতবিনোদন

জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : পারিবারিক ব্যবসার অংশীদার করার কথা বলে ২৭ লাখ টাকা আত্মসাৎ এবং হুমকি-ধমকির অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা হক তানিয়ার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী খোরশেদ আলম।

আদালত সূত্র জানায়, মামলার ধার্য তারিখে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর একই আদালত মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার গণমাধ্যমকে, ‘ঘটনাটি সম্পূর্ণ সাজানো। তার দাবি, বাদীর সঙ্গে মেহজাবীন কিংবা তার ভাইয়ের কোনো পরিচয়ই ছিল না। জনপ্রিয় অভিনেত্রী হওয়ায় বিনোদন জগতে তার প্রতিপক্ষ থাকতে পারে, আর সেই প্রভাবেই বাদী হয়তো মিথ্যা মামলায় জড়িয়েছে।’ এটি ‘অস্তিত্বহীন’ মামলা বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মামলার খবর না থাকায় আসামিরা আদালতে হাজির হতে পারেননি। নিয়ম মোতাবেক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। পরে গণমাধ্যমে খবর দেখে মেহজাবীন আদালতে আসেন এবং যেকোনো শর্তে জামিন প্রার্থনা করেন। আদালত বিষয়টি বিবেচনা করে জামিন দেন।

পরবর্তী ধার্য তারিখে নিজেদের বক্তব্য আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button