কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে অগ্নিসংযোগ ও প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকা জুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে এ ঘটনাটি ঘটে।
ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিরাপত্তাকর্মী ও পুলিশ সংবাদ মাধ্যমকে জানায়, ভোরে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ নামফলকে আগুন ধরিয়ে দেয় এবং প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে নিরাপত্তাকর্মীরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে নামফলকের অংশ বিশেষ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
কারখানার নিরাপত্তা সুপারভাইজার সিরাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, “ভোর পৌনে পাঁচটার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে নামফলকে অগ্নিসংযোগ করে এবং একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নেভান।”
অপরদিকে, কালিয়াকৈর উপজেলার মেদিআশুলাই এলাকায় একটি এক্সকাভেটরেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে যন্ত্রটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান সংবাদ মাধ্যমকে জানান, দুটি ঘটনাস্থলই পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, “এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সূত্র: প্রথম আলো



