বিশেষ প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় মশার কয়েল তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে শুরু হওয়া আগুন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
সন্ধ্যা পর্যন্ত আগুন সম্পূর্ণ নেভানোর (ড্যাম্পিং) কাজ চলছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, দুপুর পৌনে ১টার দিকে বাঘেরবাজার এলাকার ‘ফিনিশ’ নামের মশার কয়েল উৎপাদনকারী কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের আরও চারটি শেডে ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থল থেকে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়। চারদিকে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়।

খবর পেয়ে রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের তিনটি, ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের দুইটি এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বিভিন্ন শেডে থাকা তৈরি মশার কয়েল, অ্যারোসল, হ্যান্ডওয়াশ, কেরোসিন, ব্লিচিং পাউডারসহ বিপুল পরিমাণ কাঁচামাল ও প্রস্তুত পণ্য পুড়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন চারটি শেডে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। শেডগুলোতে ফিনিশড গুডসসহ হ্যান্ডওয়াশ, কেরোসিন, ব্লিচিং পাউডারসহ দাহ্য পদার্থ ছিল। ঝুঁকি নিয়েই আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডস্থলের পাশেই ‘উপবন’ নামে একটি পেট্রোল পাম্প এবং দুই পাশে আবাসিক এলাকা থাকায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছিল। তবে দ্রুত পদক্ষেপের কারণে আগুন সেখানে ছড়িয়ে পড়েনি।
তিনি বলেন, “বর্তমানে ড্যাম্পিংয়ের কাজ চলছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।”