গাজীপুর কণ্ঠ ডেস্ক : সাভারের বাইপাইল নয়, শনিবার সকালের মৃদু ভূমিকম্পটি হয়েছিল নরসিংদীতে।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে আবহাওয়া অধিদপ্তর ৩ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের উৎস জানিয়েছিল সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা।
পরে বিকালে জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলা।
উৎপত্তিস্থল বাদে আর সব তথ্য একই রয়েছে। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৩।
আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ দুপুরে ভূমিকম্পটির উৎসস্থল হিসেবে বাইপাইলের কথা সংবাদ মাধ্যমকে বলেছিলেন। পরে অধিদপ্তরের ওয়েবসাইটে তার নামেই ভূমিকম্প সংঘটন বার্তাটি আসে, যেখান উৎপত্তিস্থল পলাশ বলে জানানো হয়।
এর আগে শুক্রবার সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।
সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।
সূত্র: প্রথম আলো