গাজীপুর কণ্ঠ ডেস্ক : খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত আছেন।
সোমবার (৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
একই প্রজ্ঞাপনে কেএমপির বর্তমান কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে বদলি করে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্ব পালন করা জাহিদুল হাসান গত ২৬ নভেম্বর পদোন্নতি পেয়ে ডিআইজি হন। এরপরও তিনি জিএমপিতেই দায়িত্ব পালন করে আসছিলেন। অভিযোগ আছে, শেখ হাসিনা সরকারের সময়ে রাজনৈতিক কারণ দেখিয়ে তাকে দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়। দাবি করা হয়, তিনি ‘বিএনপি পরিবারের সন্তান’, কারণ তার ভাই হাসিব ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব। এই পারিবারিক পরিচয়ের কারণে তার পদোন্নতিতে বাধা তৈরি হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তা হিসেবে পরিচিত জুলফিকার আলী হায়দারকে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিএমপিতে উপ–পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়। পরে পদোন্নতি পেয়ে তিনি ডিআইজি হন। একই বছরের ৩ সেপ্টেম্বর তাঁকে কেএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার। তার আগে ২৭ আগস্ট তৎকালীন কমিশনার মোজাম্মেল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।