আলোচিতজাতীয়রাজনীতি

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঢাকা-১০ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফেইসবুকে ভিডিও পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো। আপনাদের সহযোগিতা ও সমর্থন কাম্য।”

ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ থানা নিয়ে ঢাকা-১০ আসন গঠিত। জুলাই গণঅভ্যুত্থানে আসিফের সহযাত্রীদের দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ আসনে কোনো প্রার্থী দেয়নি। আর বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি।

উপদেষ্টা থাকা অবস্থায় নিজের ভোটার এলাকা কুমিল্লা থেকে ঢাকায় স্থানান্তর করতে গত ৯ নভেম্বর ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে গিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সেদিন তিনি বলেছিলেন, ঢাকার কোনো একটি আসন থেকে ‘স্বতন্ত্র’ প্রার্থী হিসেবে তার লড়াই করার ইচ্ছা রয়েছে।

এর মধ্যে গত বুধবার অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এর পরপরই তার গণঅধিকার পরিষদে যোগ দেওয়ার গুঞ্জন ছড়িয়েছিল।

দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বলেছিলেন, গণঅধিকারে যোগ দেওয়ার প্রশ্নে আসিফ মাহমুদের সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

বৃহস্পতির সন্ধ্যায় সিইসি নাসির উদ্দিন ত্রয়োদশ সংসদের তফসিল ঘোষণা করেন, যাতে ভোটের তারিখ ১২ ফেব্রুয়ারি ঠিক করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা বাদে আসিফ মাহমুদ ভিডিও পোস্টে বলেছেন, “বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণ—স্বপ্নের বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়। যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়; প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, নতুন সামাজিক, রাজনৈতিক ও জিওপলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি।

“এই লড়াই সহজ নয়; তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি—এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই।”

আসিফ মাহমুদ বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীর চরের একাংশ নিয়ে গঠিত ঢাকা ১০ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ—কোনোটাই আমার নেই।

“আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধু আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে, তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন।”

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গেল বছরের ৮ অগাস্ট যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তাতে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নেন আসিফ।

পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এ ছাত্রনেতাকে।

অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করা আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ভোট করবেন কি না তা এখনো স্পষ্ট নয়। লক্ষ্মীপুর-১ আসনের ভোটার মাহফুজ সেখানে বিএনপির প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন শোনা গেলেও সেখানে এখন অন্য প্রার্থী দিচ্ছে বিএনপি। অন্তর্বর্তী সরকারে মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button