গাজীপুর

কালীগঞ্জে চাঁদার জন্য কৃষক অপহরণ, শাকিল মোল্লাসহ তিনজন কারাগারে

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে দাবিকৃত চাঁদা না দেওয়ায় এক কৃষককে অপহরণের ঘটনায় শাকিল মোল্লাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী কৃষকের নাম রাসেল ব্যাপারী (৩৮)। তিনি জামালপুর ইউনিয়নের কাপাইস এলাকার বাছেদ ব্যাপারীর ছেলে। তিনি পেশায় কৃষক।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কলাপাটুয়া এলাকার আ. করিম মোল্লার ছেলে হত্যা, অপহরণ, ডাকাতি ও অস্ত্রসহ অসংখ্য মামলার আসামি শাকিল মোল্লা (৩৫), রাতকানা এলাকার নূর চান আকন্দের ছেলে গোলজার হোসেন (৩৬) এবং বড়গাঁও এলাকার বাবুল মোড়লের ছেলে নাইম (২৫)।

এছাড়া অপর আসামি শিংলাব এলাকার আমানউল্লাহ (৪৫) পলাতক রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আসামিরা কৃষক রাসেল ব্যাপারীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এর মধ্যে আনুমানিক ১৫–১৬ দিন আগে তিনি শাকিল মোল্লাকে ২৫ হাজার টাকা দেন। এরপরও বাকি টাকা আদায়ের চাপ দেওয়া হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে আসামি আমানউল্লাহ মোবাইল ফোনে ডেকে রাসেল ব্যাপারীকে শিংলাব গ্রামে তার বাড়িতে নিয়ে যান। সেখানে শাকিল মোল্লাসহ অন্য আসামিরা উপস্থিত ছিলেন। এ সময় বাকি ১ লাখ ৭৫ হাজার টাকা দাবি করে তাকে মারধর করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে জোরপূর্বক অপহরণ করে মোটরসাইকেলে করে কলাপাটুয়া এলাকায় শাকিল মোল্লার পরিত্যক্ত একটি মুরগির খামারে নিয়ে আটকে রাখা হয়। সেখানে বাকি টাকা আদায়ের জন্য তাকে বারবার মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে রাসেল ব্যাপারী তার দুলাভাই মো. মতিউর রহমানকে মোবাইল ফোনে বিষয়টি জানিয়ে বাকি টাকা আনার অনুরোধ করেন। এ সময় খামার এলাকায় হট্টগোল শুনে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করেন।

খবর পেয়ে রাত আনুমানিক ১টার দিকে কালীগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে রাসেল ব্যাপারীকে উদ্ধার করে এবং তিনজনকে গ্রেপ্তার করে। অভিযানের সময় পুলিশের সঙ্গে আসামিদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা শামীম বলেন, গ্রেপ্তার তিনজনকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আমানউল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো জানতে…

অবশেষে শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট শাকিল মোল্লা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button