ওসমান হাদির হত্যার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ

বিশেষ প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এনসিপি, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)–এর শিক্ষার্থী এবং বিক্ষুব্ধ ছাত্রজনতা। এতে মহানগরের একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রথমে বিক্ষোভ শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। পরে দুপুরের পর একই এলাকায় বিক্ষোভ আরও জোরদার হয়।
বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভের কারণে চান্দনা চৌরাস্তা ও আশপাশের সড়কগুলোতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এদিকে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শুক্রবার দুপুরে ডুয়েট ক্যাম্পাসেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শত শত শিক্ষার্থী ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গাজীপুরের শিববাড়ি এলাকায় পৌঁছে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে। এতে ঢাকা–শিমুলতলী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এর আগে বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর প্রকাশের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, জুলাই-৩৬ মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা চান্দনা চৌরাস্তা এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। গভীর রাত পর্যন্ত তারা আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। রাত প্রায় দুইটা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।
বিক্ষোভকারীরা শরীফ ওসমান হাদির হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।



