পূবাইলে প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পূবাইলে প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইল বসুগাঁও এলাকায় একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে তিনটার দিকে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল তিনটার দিকে বসুগাঁও এলাকার দিশারী প্যাকেজিং কারখানায় আগুনের সূত্রপাত হয়। এ সময় কারখানার কর্মী ও স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ও জয়দেবপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মুহূর্তের মধ্যেই আগুন কারখানার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়। পরে সম্মিলিত চেষ্টায় বিকেল সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ অগ্নিকাণ্ডে কারখানায় মজুত বিপুল পরিমাণ কার্টন ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, টঙ্গী ও জয়দেবপুর ফায়ার স্টেশনের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে।